এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স জুরি অ্যাওয়ার্ড পেলো সুরক্ষা অ্যাপ
করোনাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্বিতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে আইসিটি বিভাগের সুরক্ষা অ্যাপ। অনলাইনে সংযুক্ত হয়ে এই জুরি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১৩ মার্চ) রাতে ঢাকার হোটেল র্যাডিসনে দেশের ৯ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরস্কার গ্রহণ করে দেয়া বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ ইন্টারনেটে সংযুক্ত হবেন। একইসঙ্গে সরকারের শতভাগ সেবাও নাগরিকের হাতের মুঠোয় চলে আসবে। এই যেমন করোনার সময়ে ‘সুরক্ষা অ্যাপের মাধ্যমে আমরা সরকারকে অভাবনীয় সহায়তা করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে আমরা টিকা গ্রহণের ক্ষেত্রে নাগরীকদের সুরক্ষা নিশ্চিত করতে পেরেছি।’
নিজেরাই সল্যুশন তৈরি করে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেই বৈশ্বিক অর্থনৈতিক নাজুক পরিস্থিতিতেও অতিমারির আঘাত মোকাবেলা করা সম্ভব হয়েছে বলেও স্বস্তি প্রকাশ করেছেন জুনাইদ আহমেদ পলক।
সুরক্ষা দেশের একটি অনন্য সেবা উল্লেখ করে তিনি বলেন, আমরা স্থানীয় সর্ভারের রিসোর্স ব্যবহার করে এতো জনঘনত্বের এই দেশে গ্রুপ ভ্যাকসিনেশন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি। এজন্য ডেটা শেয়ারিং নীতিমালা এবং স্বতন্ত্র এপিআই তৈরি করে এই সমস্যার সমাধান করেছি। জাতীয় সার্ভার ব্যবহার করে পরিচয় প্লাটফর্ম থেকে সকল অপারেটরদের সমন্বয়ে ওটিপি ও এসএমএস সেবা দিয়ে পুরো বিষয়টি জয় করতে পেরেছি। আমরা ডিজিটালি প্রস্তুত থাকার কারণে এটা সম্ভব হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড দেওয়ার আয়োজন করা হয়। এই আয়োজনে ‘বেস্ট ইন ইমপোর্ট সাবস্টিটিউশন’ ক্যাটাগরিতে এ পুরস্কার জিতে নেয় দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো এবং ডেপুটি সিইও মাহবুব উর রহমান।
এইচএসবিসি পুরস্কার পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার গ্রুপ, ডিবিএল গ্রুপ, জনতা সাদাত গ্রুপ, অ্যামিগো বাংলাদেশ লিমিটেড, ম্যাক্স গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং ব্র্যাক।